পি. কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি পাইপ ও গ্যাসলাইটসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের জনৈক আজিমুদ্দিনের বাঁশঝাড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, নানিয়াটিকর (গুপ্তিপাড়া) গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. মাহবুব ইসলাম (৪০), একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মো. জীবন হোসেন (২৪)।
পুলিশ বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে মো. মাহবুব ইসলাম (৪০)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মান্না ইসলাম (২৬) ও মো. জীবন হোসেন (২৪)কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া প্রদান করেন।
অভিযানে ৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৩ টি কাগজের তৈরি পাইপ ও ৫টি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।