মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ঠিক উত্তর পাশের লেভেল ক্রসিং গেটটিতে আজ ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টা ২৪ মিনিটে সরেজমিনে গিয়ে রেল গেটের ভিতরে পথচারীদের ভীড়ের দৃশ্য দেখা গেছে। জানা গেছে, এই গেটে দিনের ২৪ ঘণ্টার মধ্যে অধিকাংশ সময় গেট বন্ধ থাকায় শহরগামী মানুষের চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেলে স্কুল ব্যাগ কাঁধে শিশুসহ অসংখ্য মানুষ গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এটি কোনো ব্যতিক্রম চিত্র নয়,নিত্যদিনের চিত্র। এটি দেশের একমাত্র চারমুখী রেলওয়ে জংশনের গেট। এই গেটের পৃর্ব দিক দিয়ে রংপুর-কাউনিয়া লাইন চলে গেছে।
উত্তর দিকে সোজা লাইনটি সৈয়দপুর-নীলফামারী-চিলাহাটি চলে গেছে। উত্তর দিক থেকে বাঁকা হয়ে পশ্চিম দিকে দিনাজপুর-পঞ্চগড়-বাংলাবান্ধা লাইন চলে গেছে। দক্ষিণ দিকে পার্বতীপুর মূল স্টেশন। অর্থাৎ দেশের উত্তরাঞ্চলের সব রুটের ট্রেনকেই এই গেট দিয়ে পার হতে হয়। বর্তমানে এই পথে নীলসাগর, একতা, দ্রুতযান, পঞ্চগড়, চিলাহাটি, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ প্রতিদিন ৪২টির বেশি ট্রেন চলাচল করে। ফলে একটি ট্রেন যেতে না যেতেই আরেকটি ট্রেনের জন্য গেট বন্ধ করতে হয়।
স্থানীয়দের অভিযোগ, ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনগুলোর আসা-যাওয়ার সময় প্রায় ১৫-২০ মিনিট করে গেট বন্ধ থাকে। স্কুল টাইমে, বাজার টাইমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। অনেক সময় অ্যাম্বুলেন্স ও রোগীবাহী ভ্যানও আটকে থাকে। একাধিক পথচারী বলেন, শহরের ভেতর ঢোকার এটাই প্রধান রাস্তা এটি। বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়ে এই গেটে বন্ধ অবস্হায় পারাপার হতে হয়। এলাকাবাসীর ও পথচারীদের দাবি, এই চতুর্মুখী ব্যস্ততম গেটে দ্রুত একটি ওভারপাস / আন্ডারপাস নির্মাণ করা হোক। না হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়বেই বলে জানান।