সোহরাব আলী, পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর। পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের দিকনির্দেশনা ও সমস্যা সমাধানের আশ্বাস এবং তেঁতুলিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যস্থতায় শ্রমিকদের বিরোধের অবসান হয়েছে। এর ফলে বন্দরে আবারও শুরু হয়েছে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম।
জানা গেছে, দুই শ্রমিক সংগঠনের বিরোধের কারণে গত পাঁচ দিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দরে এলসি পাথর লোডিং কার্যক্রম বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা। বন্দরে আটকে পড়ে আমদানি করা বিপুল পরিমাণ পাথর। পাশাপাশি কর্মহীন হয়ে পড়েন সংশ্লিষ্ট শ্রমিকরা।
এ পরিস্থিতিতে বুধবার ২৫ নভেম্বর ২০২৬ দুপুরে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির নেতারা। এ সময় পঞ্চগড় থেকে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ দিকনির্দেশনা দেন এবং সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।
আলোচনায় অংশ নেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘ আলোচনা শেষে বিকেল ৪টার দিকে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সমঝোতা হয় এবং বন্দরের কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মানিক প্রধান, উপজেলা ওলামা দলের সভাপতি সোরহাব আলী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল এবং সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমঝোতার পর শ্রমিকরা আবারও নিজ নিজ কাজে ফিরে যান। শুরু হয় এলসি পাথর লোডিং কার্যক্রম। বন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোতে পাথর লোডিংয়ের প্রস্তুতি ও কার্যক্রম শুরু হওয়ায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
দীর্ঘ পাঁচ দিন পর স্থলবন্দরের কার্যক্রম সচল হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে। তাঁরা আশা করছেন, ভবিষ্যতে আর কোনো বিরোধের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে না।