admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২০ ২:২৬ অপরাহ্ণ
রংপুরে বিপুল পরিমাণ নকল প্রাসাধনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিথুন সরকার নামে নকল প্রসাধনি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে মহানগর ডিবি পুলিশ নগরীর পশ্চিম খাসবাগ এলাকা থেকে এসব নকল পণ্য উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর খাসবাগ এলাকার ময়েন উদ্দিনের ছেলে মিথুন সরকার এক বছরের বেশি সময় ধরে নকল প্রসাধনি তৈরি করে বাজারজাত করে আসছিল। সোমবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিথুন সরকারের বাসা ও ভাড়া গোডাউনে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্রান্ডের পাউডার, ভ্যাসলিন, ফেসওয়াস, আতরসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। যার মূল্য কয়েক লাখ টাকা।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্টেট আফরিন জাহান। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, ওই ব্যক্তি দীর্ঘ দিন থেকে নকল প্রসাধনি তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নকল মালামাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা।