এবিএম আহসানুর রহমান লাবু || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
নেত্রকোনার সাংবাদিক তার স্ত্রীকে বললেন বাচ্চাদের ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দাও আমার আসতে একটু দেরি হবে একটা নিউজ নিয়ে ব্যস্ত আছি।বৃহস্পতিবার সন্ধ্যায় দেড় বছর বয়সী ছোট ছেলে আইয়ান সাফয়ানকে স্ত্রীর কোলে দিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় কথাগুলো বলেছিলেন নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির ।
কে জানতো, অবুঝ সন্তানদের নিয়ে অপেক্ষারত স্ত্রী আনন্দিতা সাংমার সঙ্গে এটাই হবে তাঁর জীবনের শেষ কথা! এর কিছুক্ষণ পরেই গ্রামের একটি দোকানের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। হাসপাতালে নেওয়ার আগেই
নিভে যায় এই সাহসী সংবাদকর্মীর জীবনপ্রদীপ।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলা’র নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে সীমান্ত এলাকার মাদক চোরাচালান, অনিয়ম ও দুর্নীতি নিয়ে নিয়মিত অনুসন্ধানী ও সত্যনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করতেন তিনি। এমনকি হত্যা কাণ্ডের শিকার হওয়ার আগের সপ্তাহেও তিনি স্থানীয় চোরাচালান চক্রের বিরুদ্ধে তথ্য প্রকাশ করেছিলেন এবং তাঁর পেজে পরবর্তী চাঞ্চল্যকর অনুসন্ধানের ঘোষণা দিয়েছিলেন।
পেশাগত দায়িত্ব পালন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই যেন তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। জানা গেছে, এর আগেও ২০২৫ সালের নভেম্বর মাসে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তীরে তাঁর ওপর একটি প্রাণঘাতী হাম- লা হয়েছিল, যেখানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছিল। সেই ঘটনার সুষ্ঠু বিচার বা যথাযথ নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় আজ আবারও অন্ধকার শক্তির আঘা-তে ঝরে গেল একটি প্রাণ।