admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
হানিফুর আলী, স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রামপুলিশ সদস্য রনজিৎ কুমার দে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নিহতের স্ত্রী রিতা দে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এহাজার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান রনজিৎ কুমার দে।
ঐদিনই দিবাগত রাত ৩টা থেকে ৫টার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। শনিবার সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ।
বালিয়াকান্দি থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রাম পুলিশ রঞ্জিৎ কুমার দে হত্যাকাণ্ডটি ক্লুলেস। হত্যাকাণ্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা ছিল খুনিদের। এটি ঠান্ডা মাথার খুন। হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশের ওই সূত্রটি।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক ( এস,আই) মোঃ রাজিবুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চলমান আশা করছি দ্রুতই মামলার রহস্য উদঘাটন হবে।