admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ
পি কে রায়,স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় খায়রুল ইসলাম (২৬) নামে এক যুবকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৬ জানুয়ারি) সকালে তেঁতুলিয়া ইউনিয়নের দবির পাড়ায় একটি পুকুর পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে মসজিদে যাওয়ার সময় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের উত্তর তেঁতুলিয়ার শাহ পাড়ার ভ্যান চালক বাবলু হোসেনের ছেলে রাজমিস্ত্রী খাইরুল ইসলাম (২৬) এর মরদেহ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহত খায়রুল ইসলাম (২৬) তেঁতুলিয়া ইউনিয়নের দবির পাড়ার মোঃ বাবলু ইসলামের ছেলে।
নিহতের মা খতেজা খাতুন জানান, “শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে খায়রুলের মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়ে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাঁর বাবা বাড়িতে এলে রাত ১০টার দিকে তার মোবাইলে অনেক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয় এলাকাবাসী তাঁদের জানায় ছেলের লাশ পাশের বাড়ির পুকুর পাড়ে আছে”।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরকিয়ার জেরে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট ও অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষী ব্যাক্তিকে আইনের আওতায় আনা হবে”।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দাঁয়েরের প্রস্তুতি চলছে।