admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রহিদুল ইসলাম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে হাত-মুখ বাঁধা অবস্থায় নিজ বাড়ির উঠান থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে রাহিদুল হরিপুর উপজেলার ডাবরী গোরস্থান কওমি ও হাফেজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। ১২ আগষ্ট শনিবার ভোরে হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের নিজ বাড়ির উঠান থেকে তাকে উদ্ধার করা হয়। রহিদুল ইসলাম ঐ গ্রামের সুলতান আলীর ছেলে। সে স্থানীয় ডাবরী গোরস্থান কওমি ও হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে।
মাদ্রাসার প্রধান মওলানা আলী হোসেন বলেন, ‘শনিবার ভোর চারটার দিকে মাদ্রাসার সকল ছাত্রকে ঘুম থেকে তুলে দেওয়া হয়। ঐ মাদ্রাসাছাত্র বাথরুমে গিয়ে আর ফিরেনি। পরে জানতে পারি তাকে তার বাড়ির উঠান থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। পরে আমি তার বাসায় যাই।’ তিনি আরও বলেন, ‘ঐ মাদ্রাসাছাত্রের সঙ্গে কথা বলে জানতে পারি, শনিবার ভোরে তাকে ২ জন কালো বোরকা পরা মানুষ তুলে নিয়ে যায়, এবং হাত-পা বেঁধে ও মুখে গামছা দিয়ে পেঁচিয়ে বাড়ির উঠানে ফেলে রেখে যায়। পরে তার মা ফজরের নামাজ পড়তে ওঠে ছেলেকে দেখতে পান।
আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান জানান, ১২ আগষ্ট শনিবার সকাল ৯টার দিকে ঐ মাদ্রাসাছাত্রকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে কোনো মারধর বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।
সে সুস্থ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি প্রাথমিক তদন্ত করছে। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪