admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
মো: লিটন উজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ১০০ বছরেরও বেশি বয়সের এক বৃদ্ধার জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ জনৈক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
রোকেয়া খাতুন স্বামী কোরবান আলী গ্রাম ফারাকপুর থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া এর বয়স ১০৬ বছর। জাতীয় পরিচয় পত্রে তার জন্মসন হিসেবে লেখা আছে ১৯১৭ খ্রীঃ। এই বৃদ্ধা বয়সের ভারে এখন ন্যূজ। শারীরিকভাবে অনেকটা চলচ্ছক্তিহীন। দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। অথচ এই অসহায় বৃদ্ধার একটু সম্বলের উপরেই লোভাতুর দৃষ্টি পড়েছে জনৈক প্রভাবশালী ব্যক্তির। উক্ত প্রভাবশালী ব্যক্তি জোড়পূর্বক উক্ত জমিতে থাকা গাছ- গাছালি কেটে আত্মসাৎ করেছেন।
আরো অভিযোগ জায়গা দখল করে জোরপূর্বক সেখানে নতুন ভবনের নির্মাণ কাজ চালাচ্ছেন। দরিদ্র অসহায় হওয়ায় রোকেয়া খাতুন পারছেন না ঠিকমত তার জমি দখলে রাখতে। তার এই অসুস্থতার এবং অচলাবস্থার সুযোগ নিয়ে মহলটি রাতারাতি ভেড়ামারা উপজেলার ভেড়ামারা পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের কাচারী পাড়া মৌজা সনো গলি সংলগ্ন জমিতে নির্মাণ কাজে এগিয়ে নিচ্ছে।
এ ব্যাপারে উক্ত মহিলার শরীকেরা এলাকার গণ্যমান্য ব্যক্তির শরণাপন্ন হয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে অনেকেই বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করেছেন।
তার কেউ নেই বলে তার পাশে দাঁড়ানোর মনোভাব ব্যক্ত করেছেন বিবেকবান মানুষেরা।এদিকে ভেড়ামারার সনো গলির কাছে উক্ত জমিতে নির্মাণ কাজ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হওয়ায় নতুন করে ঝামেলা বাধার আশঙ্কা জন্মেছে।
এমতাবস্থায় প্রশাসনের উচিত, অতি সত্বর আলোচ্য জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র ও বাস্তব অবস্থা খতিয়ে দেখে অমানবিক অবস্থা ও অবিচার থেকে শতবর্ষীয় বৃদ্ধা রোকেয়া খাতুনকে পরিত্রাণ দেয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা করা।