admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আজিজার রহমান মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি বুধবার (৯ আগস্ট) ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আদমদীঘি উপজেলার সান্দিড়া ব্যাপারিপাড়ার আক্কাছ আলীর ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সান্দিড়া গ্রামের আজিজার রহমান মন্ডল ও ফরিদ উদ্দিন চাচা ভাতিজার মধ্যে র্দীঘদিন যাবত পারিবারিক কলহ নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টায় আজিজার রহমান ও ফরিদ উদ্দিন মন্ডলের পরিবারের মধ্যে গালিগালাজের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে আজিজার রহমান মন্ডল তার স্ত্রী আজিরন, ফরিদ উদ্দিন তার ছেলে রিপন মন্ডলসহ অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আজিজার রহমান মন্ডলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও রিপনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতরা প্রাথমিক চিকৎিসা নিয়েছেন।
এদিকে গতকাল বুধবার (৯ আগস্ট) ভোর ৫টায় আহত আজিজার রহমান মন্ডল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত আজিজার রহমান মন্ডলের স্ত্রী আজিরন জানান, প্রতিপক্ষরা ইচ্ছাকৃতভাবে তাদের সাথে বিরোধ সৃষ্টি করে তার স্বামীকে মারধর করে মেরে ফেলেন।
অপর পক্ষ ফরিদ উদ্দিন মন্ডল ও তার পরিবার গা ঢাকা দেওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস রহমান জানান, তাদের মধ্যে প্রায় ২০ বছর ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ওই সংঘর্ষের ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।