admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
ঢাকাতে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক সেই দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে আজ রোববার এ আদেশ দেন। তোপখানা রোডের বাসিন্দা ওই দম্পতি হলেন তানভির আহসান এবং তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ। আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর পর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন তাদের আদালতে হাজির করেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন আদালত।এর আগে গতকাল শনিবার (৩ জুলাই) ওই দম্পতিকে আটক করে পুলিশ। তাদের নির্যাতনের শিকার গৃহকর্মীর নাম সুইটি (১২)। কিশোরগঞ্জের মিঠামইন থানার নবাবপুর এলাকায় তার বাড়ি। ৯ মাস আগে তার দরিদ্র বাবা-মা তাকে ওই বাসায় কাজের জন্য দেন।
কিন্তু শুরু থেকেই ছোট-খাটো অজুহাতে সুইটির ওপর অমানবিক নির্যাতন চালায় ওই দম্পতি। তার সারা শরীর এমনকি স্পর্শকাতর স্থানেও নির্যাতন করা হয়। পরে গতকাল শনিবার এক প্রতিবেশী ওই নির্যাতনের দৃশ্য ও ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাকে উদ্ধারের আহ্বান জানান। পরে এক সাংবাদিক বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং ওই দম্পতিকে আটক করে।