রফিকুল ইসলাম জিলু,বুর্যো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ
ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেছেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীরা কেউ সাধারণ শ্রমিক নয়। নাশকতাকারীদের কঠোর আইনের আওতায় আনা হবে। সোমবার বিকেলে সাভারের বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি, তথ্য সংগ্রহ করছি। আন্দোলনের নামেব হিরাগত বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে। এ সময় শ্রমিকদেরও সজাগ হওয়ার আহ্বান জানান ডিআইজি।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, আজকে সাভারের পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে। কিছুটা বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশ তৎপর থাকার কারণে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম’সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।