admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেলঃ রংপুর নগরীর ২৪ নং ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাসার সেফটি ট্যাংকি থেকে সাত বছরের সিমান বাবু (০৭) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন। শনিবার (১৩ মার্চ) সকাল ১১ টার দিকে তাঁতিপাড়ায় একটি নির্মাণাধীন বাসার সেফটি ট্যাংক থেকে লাশটি পাওয়া যায়।
শিশুটি তার নানার বাসায় থাকতো। নানা সালাম মিয়া ও নানী আরজিনা বেগম রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ২৪ নং ওয়ার্ড তাঁতিপাড়ার অস্থায়ী বাসিন্দা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সিমান। সেদিন থেকেই সব জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পায় না আত্মীয়-স্বজনরা। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিমানের নানা আব্দুস সালাম। শিশুটির নাম সিমান বাবু, পিতার নাম বেল্লাল মিয়া, মায়ের নাম শাপলা বেগম গ্রামঃ শিয়াল খাওয়া, থানাঃ কালীগঞ্জ জেলা: লালমনিরহাট। ২৯ দিন পর হঠাৎ করে আজ শনিবার ১৩/০৩/২০২১ তারিখে তাঁতিপাড়ায় সাইফুল ইসলামের নির্মাণাধীন বাসার কাজের সময় শ্রমিকরা সেফটি ট্যাংকির কাজ করতে গিয়ে এক শিশুর মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে জানায়। সিমানের নানা তার পরনের কাপড় ও জুতা দেখে মরদেহ শনাক্ত করেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বলেন, উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক ০৭ থেকে ০৮ বছর হতে পারে। নিখোঁজকৃত শিশুটির সঙ্গে উদ্ধারকৃত শিশুটির বয়সে মিল পাওয়া গেছে। এখনো সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে সঠিক ঘটনা উদঘাটন করা যাবে।