admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের সম্ভাব্য তারিখ জানালেন। দেশবাসীর স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। স্প্যানসহ মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ। আনুষঙ্গিত কাজগুলো সম্পন্ন করে আগামী ২০২২ সালের জুলাই মাসে এই সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (৬ জুন) রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেষ হাসিনার অসীম সাহসের কারণেই আজকে পদ্মা সেতু দৃশ্যমান। সবমিলিয়ে সেতুটির ৮৬ শতাংশ কাজ শেষ হয়েছে।
বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। প্রথমে এর কাজ শেষ হওয়ার কথা ছিল ৪ বছরের মধ্যে। তারপরের টার্গেট ঠিক করা হয়েছিল ২০২০ সাল। পরে সেটা বাড়িয়ে নেওয়া হয় ২০২১ সালের জুন মাসে। এরপর অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২২ সাল নাগাদ শেষ হবে পদ্মা সেতুর কাজ।
সময়সীমা এবার আরও নির্দিষ্ট করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানালেন, আগামী বছরের জুলাই মাসে যানবাহন চলাচল করতে পারবে এই সেতু দিয়ে।