মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
সান্তাহার-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার মাধাইমুড়ি এলাকায় নসিমন ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধাইমুড়ি গ্রামে নির্মাণকাজ শেষে শ্রমিকরা নসিমনে করে বাড়ি ফিরছিলেন। পথে সান্তাহার-নাটোর মহাসড়কের মাধাইমুড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়।
এতে নসিমনে থাকা ১২ জন শ্রমিক আহত হন। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।