সিরাজগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জ ও রায়গঞ্জে পৃথক ঘটনায় নিখোঁজ অটো চালকসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ (৪অক্টোবর) সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা ব্রিজের পশ্চিম পাশে রাস্তার ধারে ঘাস ক্ষেতের ভিতর থেকে তিনিদিন আগে নিখোঁজ হওয়া খোকশাবাড়ী এলাকার মোঃ শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাদৎ হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার চিলগাছা গ্রামের মোঃ শাহাজান শেখের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান,গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহাদাৎ জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে নিজ বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। বাসা থেকে বের হওয়ার পর থেকেই শাহাদতের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় স্বজনরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোন উপায় না পেয়ে শনিবার (৩ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে রোববার দুপুরে এলাকাবাসী ঘাস ক্ষেতের ভিতরে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, স্থানীয়ভাবে খবর পেয় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে অটো রিকশা ছিনতাই অথবা অন্যকোন শত্রুতার জন্য তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
অপরদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর থেকে রতন শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রতন শেখ ওই এলাকার রহিম বক্সের ছেলে।স্থানীয়রা জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। সকালে ভাতহাড়িয়া পূর্বপাড়ার একটি পুকুরে রতন শেখের মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে তারা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।###