admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া এসএমএস পেয়েছেন, বাসায় টিকা নিতে চান। করোনাভাইরাসের টিকা পাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিবন্ধনের পর এবার টিকা নেওয়ার স্থান এবং দিনক্ষণ উল্লেখ করে একটি এসএমএস এসেছে তার কাছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকরা বলছেন, তার যে শারীরিক পরিস্থিতি তাতে বাইরে গিয়ে টিকা নেওয়া উচিত হবে না। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, দেশে এখন সংক্রমণের প্রকোপ চলছে। ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই শক্তিশালী।
এ অবস্থায় শারীরিক অসুস্থতা নিয়ে খালেদা জিয়া বাইরের কোনো কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণে করলে সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সাবেক এই প্রধানমন্ত্রীকে বাসায় টিকা দিতে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। এসএমএসে কোন তারিখে টিকা গ্রহণের কথা বলা হয়েছে, তা এড়িয়ে যান ডা. জাহিদ হোসেন। স্থানের নামও বলতে রাজি হননি। তবে বিএনপির একটি সূত্র জানায়, আগামীকাল সোমবার (১৯ জুলাই) টিকা নিতে বলা হয়েছে খালেদা জিয়াকে।
এর আগে গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে টিকার নিবন্ধন সম্পন্ন করা হয় খালেদা জিয়ার পক্ষ থেকে। কারাবন্দি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট, লিভারসহ নানা জটিলতায় ভুগছেন। এমন অবস্থার মধ্যেই গত ১৪ এপ্রিল করোনা পজিটিভ আসে তার। শারীরিক অবস্থার অবনিত হলে ২৭ এপ্রিল ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে গত ৩ মে জরুরি ভিত্তিতে সিসিইউতে স্থানান্তর করা হয় বিএনপি নেত্রীকে। গত ৯ মে করোনামুক্ত হলে চিকিৎসা শেষ করে ৫৩ দিন পর ১৯ জুন নিজ বাসা ‘ফিরোজায়’ ফেরেন তিনি।