admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
প্রবাসীরা প্রশিক্ষণের সঙ্গে মাসিক সম্মানী পাচ্ছেন ২ লাখ। করোনা মহামারির কারণে বিদেশ থেকে দেশে ফেরত আসা ২ লাখ প্রবাসী বাংলাদেশির চাকরির ব্যবস্থা করতে প্রশিক্ষণ দেবে সরকার। প্রশিক্ষণ চলাকালে মাসে মাসে তাদের প্রত্যেককে ১৩ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে। এ জন্য ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে আজ বুধবার। প্রায় ৫ সপ্তাহ পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এটিসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন করা হয়।
এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকা। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সিদ্ধান্তের বিষয় জানাতে যৌথ সংবাদ সম্মেলন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও নতুন দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় বৈঠকে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার কারণে অনেক প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফেরত এসেছেন। তাদের শোভনীয় চাকরির ব্যবস্থা করবে সরকার। এত দিন এসব প্রবাসী আমাদের দিয়েছেন, এবার আমরা তাদের দেব। পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রমতে, বিদেশ ফেরত প্রবাসীদের অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্পের বেশিরভাগ টাকাই (৪২৫ কোটি টাকা) ঋণ হিসেবে দিচ্ছে বিশ্বব্যাংক। গত ২৩ মার্চ সংস্থাটির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এটি ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
জানা যায়, গেলো বছর দেশে ফিরেছেন মোট ৪ লাখ ৮ হাজার ৪০৮ প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে ২ লাখ প্রবাসীকে বাছাই করতে জেলা প্রশাসক ও ইউএনওদের সমন্বয়ে একটি কমিটি করা হবে। এ ছাড়া আরো ২৩ হাজার ৫০০ প্রবাসীকে বাছাই করে সরকারি বিভিন্ন সংস্থার সনদ দেয়া হবে।
প্রথম দফায় ৩২ জেলা থেকে দুই লাখ প্রবাসীকে বাছাই করা হবে। জেলাগুলো হলো- ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া, নওগাঁ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর ও খুলনা।