admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
ঢাকার বেশ কয়েকটি এলাকায় আজ রোববার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস জানিয়েছে, পাইপ লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (আজ) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা মসজিদ এলাকা, তেজকুনিপাড়া এবং তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকায় আবাসিক, বাণিজ্যিক, সিএনজি, শিল্পসহ সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরো বলা হয়, এসব এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইপ লাইনের তিন জায়গায় বাল্ব প্রতিস্থাপনের জন্য রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।এদিকে, এক আদেশে তিতাস গ্যাস কোম্পানি জানিয়েছে, করোনাভাইরাসের মহামারি পরিস্থিতি অবনতির কারণে প্রতিষ্ঠানের সব ডিভিশন, বিভাগ এবং শাখা প্রধানদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত শিফট ডিউটি অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।