মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ফেরার পথে বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার দুই বছর বয়সী কন্যা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আনিছুর রহমান ও তার শিশু কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনিছুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি পাবনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার কন্যা পুষ্প মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।