মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি পুকুর থেকে শফিকুল ইসলাম শফি (৫৮) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে আব্দুর রশিদের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত শফিকুল ইসলাম শফি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দাড়িকুড়ি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে আব্দুর রশিদের পুকুরের মাছ দেখাশোনার দায়িত্বে ছিলেন এবং পুকুর পাড়ে টিনের ছাউনির একটি ঘরে রাতযাপন করতেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে পা পিছলে পুকুরে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।