মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ বিজলী আক্তার (৩২) শনিবার( ২৫ এপ্রিল) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বিজলী আক্তার রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়।এবং মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় বিজলী আক্তারের শরীরের সিংহভাগ দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্মরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় (২৫ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহত বিজলী আক্তারের মৃত্যুতে কাশিডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বকুল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে অসাবধানতা বা যান্ত্রিক ত্রুটি থেকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী মুঠো ফোনে জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাস দাফনের অনুমতি দেওয়া হয়েছে।