admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২৪২ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার(২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোকামতলার লস্করপুর এলাকার বগুড়া- রংপুর মহাসড়কের উপর র্যাব-১২ বগুড়া, অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন জানগ্রাম এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ আবু শহিদ(৪৫) ও একই থানার নবীনগর এলাকার মৃত- হাফিজার রহমানের ছেলে মোঃ রেজাউল ইসলাম(৩২)।
সোমবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লালমনিরহাটগামী একটি ট্রাকে করে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস টিম শিবগঞ্জ উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবহন তল্লাশি শুরু করে।
যাববহন তল্লাশিকালে ওই ট্রাক থেকে ২৪২ বোতল ফেন্সিডিলসহ শহিদ ও রেজাউলকে গ্রেফতার করে ট্রাকটি জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও দু’টি সীমকার্ড উদ্ধার করা হয়। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত শহিদ ও রেজাউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।