admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: জয়পুরহাট জেলায় পৃথক দু’টি ট্রেনে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ও উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগ করে নাশকতার মামলার ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। তারা সবাই ছাত্রদলের সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার করা আসামিরা হলেন-জয়পুরহাট জেলার নিশির মোড় এলাকার বনোমালিপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৬), একই এলাকার মো. ওয়াদুদের ছেলে মো. অপু (২১) এবং জেলার আক্কেলপুর উপজেলার বসন্তপুর গ্রামের মো. রাজুর ছেলে আব্দুল মমিন (২১)।
ওসি মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং গত ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনার মূলহোতা অপু, তাইজুল ও মমিন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে অভিযান চালিয়ে তাদের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও জানান, অপু, তাইজুল ও মমিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত তিনজনকে শুক্রবার বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।