admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রংপুর বিভাগের চালু থাকা একমাত্র ঠাকুরগাঁও সুগারমিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সুগারমিল চত্বরে ৬৫ তম মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (ইক্ষু উন্নয়ণ ও গবেষণা) পরিচালক আশরাফ আলী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ প্রশাসনের কর্মকর্তাগন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তর অঞ্চলের একমাত্র ঠাকুরগাঁও সুগারমিলটি চালু রয়েছে। বর্তমানে এ মিলে পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের চাষিরা আখ সরবরাহ করছেন। মিলটিকে টিকিয়ে রাখতে আখের আবাদ বৃদ্ধিসহ সকলের সহযোগীতা কামনা করেন মিল কর্তৃপক্ষ।
পরে আমন্ত্রিত অতিথিরা ডোঙ্গায় আখ ফেলে চলতি ২০২২-২৩ মাড়াই মৌসুমের মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। মিল কর্তৃপক্ষের তথ্যমতে, আশপাশের তিন জেলায় প্রায় সাড়ে চার হাজার একর জমিতে আখের আবাদ হয়েছে। এবার চাষির উৎপাদিত বাহাত্তর হাজার দুইশ পঞ্চাশ মেট্রিকটন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে।