admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। তার পরনে ছিল কালো জ্যাকেট ও খয়েরি রঙের ফুলপ্যান্ট। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ রনি বলেন, সংবাদ পেয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এফডিসি গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
সেখান থেকে তাকে বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই রহমত উল্লাহ রনি।