admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টারঃ সাভারে চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাভার মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা। এসময় পুলিশের কাছ থেকে ওই আসামিকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আসামি পক্ষের লোকজন । শুক্রবার পৌর এলাকার নামা বাজার মহল্লায় মুসার বাড়িতে অভিযান চালানোর সময় এঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার (১৪ জানুয়ারি ) রাতে নামা বাজার এলাকায় মুসার বাড়িতে চাঁদাবাজির মামলায় গ্রেফতারি পরোয়ানাকৃত আসামি শরিফ উদ্দিন ফকিরকে গ্রেফতার করতে অভিযান চালায় সাভার মডেল থানার এ এস আই অশোক কুমার দত্ত ও এ এস আই সাইফুজ্জামান।
পরে তাকে গ্রেপ্তারের সময় আসামী শরিফ উদ্দিন ফকিরের লোকজন পুলিশের দুই এ এস আইকে মারধর করে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুই পুলিশ কর্মকর্তা আহত অবস্থায় আসামীকে ধরে থানায় নিয়ে আসেন। পরে আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ ছয়জনকে আসামী করে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত শরিফ উদ্দিন নয়াবাজারের মৃত সোরহাব উদ্দিন ফকিরের ছেলে। এদিকে এঘটনায় আসামীর ছবি তুলতে গেলে আসামীর লোকজন সাংবাদিকদের বাধা প্রদান করেন। এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, মামলার অন্য আসামীদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।