admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ২:৪১ অপরাহ্ণ
বাংলাদেশে আবার কমানো হলো এলপিজির গ্যাসের দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর। আবারো দেশের বাজারে কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। আজ সোমবার সন্ধ্যা থেকেই এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় দেশের বাজারেও দাম কমানোর ঘোষণা দেওয়া হলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি, আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ সোমবার, ৩ জানুয়ারি, নতুন এই দাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহি প্রমুখ। ঘোষণা অনুযায়ী, বেসরকারি পর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ৪ টাকা ১৫ পয়সা কমানো হয়েছে। অর্থাৎ ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৫০ টাকা। এর ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, রেটিকুলেটেড, বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজির দামও কমানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতি কেজির দাম ৯৯ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে করা হয়েছে ৯৪ টাকা ৯৪ পয়সা। এ ছাড়া অটোগ্যাস নামে প্রচলিত পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও কমানো হয়েছে।
চলতি জানুয়ারি মাসের জন্য এই অটোগ্যাসের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা ৯৪ পয়সা। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে যা ছিল ৫৭ টাকা ২৪ পয়সা। এর আগে ডিসেম্বর মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ১০৯ টাকা ৪২ পয়সা থেকে কমিয়ে করা হয় ১০২ টাকা ৩২ পয়সা। অর্থাৎ গেল বছরের শেষ মাসে এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২২৮ টাকা।