admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২১ ১১:১৮ অপরাহ্ণ
লালমনিরহাট প্রতিনিধিঃ এবার খাল থেকে ৬৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। টাকাগুলো ১০০০ টাকার নোটের ৬৬টি বান্ডিলে ছিল। ঘটনাটি লালমনিরহাট শহরের। সেখানকার জেল রোডের একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় টাকাগুলো উদ্ধার করা হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর থানা পুলিশ বুধবার দিবাগত রাত ১০টার দিকে খবর পেয়ে টাকাগুলো উদ্ধার করে। খবরের সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, শাহা আলম।

তিনি জানান, ৬৬টি বান্ডিলে টাকাগুলো উদ্ধার করা হয়েছে। বান্ডিলগুলোর ওপর সাথী কুপন, ভাগ্য বদল, লাকি কুপন ইত্যাদি লেখা চিরকুট আছে। তিনি বলেন, উদ্ধার হওয়া টাকাগুলো জাল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় এক ব্যক্তি গতকাল বুধবার ওই খালে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।