admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ
দুদক অনুসন্ধান করছে রাজারবাগ পীরের সম্পদের। রাজধানীর রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এ জন্য গত ৪ নভেম্বর ৪ সদস্যের একটি টিম গঠন করেছে সংস্থাটি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধান দলের সদস্যরা হলেন- দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক আলতাফ হোসেন।
তারা কথিত পীর দিল্লুর রহমানের সমস্ত অবৈধ সম্পদ খতিয়ে দেখবেন বলে জানিয়েছে দুদক সূত্র। দিল্লুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজের আখের গুছিয়ে নিচ্ছেন। এর মাধ্যমে নানা অনিয়মের আশ্রয় নিয়ে সারা দেশে ৭ হাজার একর জমি কিনেছেন। রাবার বাগানসহ অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন দিল্লুর।
এসব ক্ষেত্রে বিস্তর অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে সেগুলো যাচাই-বাছাই করে দুদক। পরে অভিযোগের সত্যতা পাওয়া বিস্তারিত তথ্য সংগ্রহে অনুসন্ধানে নামার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। রাজধানীর ৫ নম্বর আউটার সার্কুলার রোডে আলোচিত-সমালোচিত এই রাজারবাগের দরবার শরিফ অবস্থিত।