admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা। ডিএনসিসি, মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। এতে মেয়র ছাড়া আরো আসামি রয়েছেন। তারা পরস্পর যোগসাজশে বাদীর জমি দখল ও অন্যান্য ক্ষতি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। জানা যায়, ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে আজ মঙ্গলবার, ১৯ অক্টোবর, মামলার এ আবেদন করা হয়। মামলার আবেদনকারী হলেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম। পরে বাদীর জবানবন্দী গ্রহণ করেন আদালত। মামলার বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানানো হয়।
মামলায় বাদীর অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পরের সহযোগিতায় বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জবরদখল করেছেন। বাদী ও তার পরিবার নিয়ে বিভিন্ন মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন এবং মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে।
মেয়র আতিকুল ইসলামের হুকুম ও অন্য আসামিদের সহযোগিতায় এসব কাজ করা হয়েছে। এর মাধ্যমে বাদী ও তার পরিবারের মানহানি হয়েছে। এ ধরনের তথ্য প্রকাশ করে আসামিরা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।