admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ
সন্তু লারমা অবশেষে ভোটার হলেন। অবশেষে ভোটার তালিকায় নাম উঠিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদপর্যাদা) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। ৭৭ বছর বয়সে এসে তিনি ভোটার হলেন। এ ব্যাপারে রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, সন্তু লারমা নির্বাচন অফিসে এসে ছবি তোলাসহ সব প্রক্রিয়া শেষ করে জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রম সম্পন্ন করেন।
আঞ্চলিক পরিষদের আইনে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের স্থানীয় বাসিন্দাদের নিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবিতে সন্তু লারমা দীর্ঘদিন ভোটার হওয়া থেকে বিরত ছিলেন। একটি সূত্রে জানা গেছে, একই কারণে কোনো জাতীয় নির্বাচনের ভোটেও তিনি অংশগ্রহণ করেননি। ১৯৪৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার মহাপুরম এলাকায় জন্মগ্রহণ করেন সন্তু লারমা। তার বাবার নাম চিত্ত কিশোর লারমা, মা সুভাষিণী দেওয়ান।
বড় ভাইয়ের হাত ধরে ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র শাখা ‘শান্তিবাহিনীতে’ যোগ দেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর এক হামলায় বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা নিহত হলে সংগঠনের হাল ধরেন। দীর্ঘ ২১ বছরের সশস্ত্র লড়াই শেষে ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মধ্য দিয়ে প্রায় দুই হাজার সশস্ত্র সহযোদ্ধাসহ অস্ত্রসমর্পণ করেন তিনি।
চুক্তি স্বাক্ষরের পর গঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পান এবং এখনও প্রতিমন্ত্রী পদমর্যাদায় সেই দায়িত্বে বহাল আছেন। এদিকে রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, সন্তু লারমা (কোভিড-১৯) অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। জাতীয় পরিচয়পত্র দিয়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা রেজিস্ট্রেশন করেন। পরবর্তীতে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করেন।