admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২১ ৯:৩০ পূর্বাহ্ণ
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ বন্দরে সতর্ক সংকেত, ঝড়ের শঙ্কা। সুস্পষ্ট হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি। দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উপকূলে ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রোববার সকাল পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে লঘুচাপটি। এটি আরো ঘনীভূত হতে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলছেন, লঘুচাপের প্রভাবে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়। এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়, এ অবস্থায় দেশের কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর (পুনঃ) স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ। দেশের ওপর মোটামুটি সক্রিয় মৌসুমী বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এ অবস্থায় আজ রোববার চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোনো কোনো এলাকায়।
এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। এ সময় ঢাকায় দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। আগামী বুধবার নাগাদ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।