admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সে বড় পরিবর্তন আসছে। ড্রাইভিং লাইসেন্স দীর্ঘদিন ধরে দেয়া হচ্ছে ইংরেজি ভাষায়, যা বাংলায় দেয়ার দাবি জানিয়ে আসছিলেন চালকরা। এবার সেই ব্যবস্থাই করার কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি। লাইসেন্স কেন ইংরেজিতে দিতে হবে, প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, এটি এখন বাংলায় দিতে হবে, দ্রুত দেয়ার ব্যবস্থা করতে হবে।
এভাবেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশনা দেয়া হয়। এদিন এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীত করার প্রকল্পের চুক্তি সই হয় সড়ক পরিবহন অধিদপ্তরে। এ অনুষ্ঠানে তিনি বলেন, যেকোনো মূল্যে ভোগান্তি কমাতে হবে গাজীপুর-এলেঙ্গা ও খুলনা-যশোর সড়কে। গাজীপুর-এলেঙ্গা সড়ক নির্মাণ বিলম্বিত হওয়ার কারণও জানতে চেয়েছেন ওবায়দুল কাদের।
বিআরটির প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ যথাসময়ে শেষ করতে হবে, নতুন প্রকল্প নেয়ার দরকার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো সেতু, ফ্লাইওভার ও আন্ডার পাস উদ্বোধন করলেও নির্মাণ কাজ শেষ হয়নি।এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবুবকর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক ডক্টর মো. ওয়ালিউর রহমান প্রমুখ।