admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ
চীন বাংলাদেশকে আরো ১০ লাখ টিকা উপহার দিচ্ছে। বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে চীন। এবার আরো ১০ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে দেশটি। আজ শুক্রবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশি ভাই-বোনেরা আরো ১০ লাখ চীনা টিকা উপহার পাচ্ছেন। এর আগে ভারতীয় টিকা পাওয়া আটকে গেলে প্রথমে মে মাসে ৫ লাখ এবং পরে জুনে আরো ৬ লাখ টিকা উপহার নিয়ে এগিয়ে আসে চীন।
এদিন চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার পোস্টে আরো বলেন, ঢাকার দারিদ্র্য বিমোচন পরিকল্পনায় সমর্থন ও সাহায্য দিতে প্রস্তুত বেইজিং। সেটি ‘চায়না-সাউথ এশিয়ান কান্ট্রিস পোভার্টি এলেভিয়েশন এন্ড কো-অপারেটিভ ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে করার প্রস্তাব দিয়েছেন তিনি। এর আগে গতকাল বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে। তখন করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
টিকা দিয়ে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এসব বিষয়ে আব্দুল মোমেনকে প্রতিশ্রুতি দেন ওয়াং ই। তার আগের দিন বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে চীনা টিকা নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সিনোফার্মের ১৫ মিলিয়ন ডোজ টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। এসব টিকা আগের চেয়ে কম দামে কেনা হচ্ছে।