admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দুই পদে নতুন মুখ। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দুটি পদে রদবদল এসেছে। পদ দুটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি)। এ দুটি পদে নতুন দুই জনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেনাসদর সূত্রে জানা যায়, ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে কিউএমজি করা হয়েছে। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে, ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে।
উল্লেখ্য, গত ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে তিনি সেনাসদরের কিউএমজি ছিলেন। পদোন্নতির মাধ্যমে তার সেই দায়িত্ব নিলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। সাইফুল আলম ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেজর জেনারেল হিসেবে ডিজিএফআইয়ের মহাপরিচালক হওয়ার আগে বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।