admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ
বহাল থাকলো আয়কর সীমা। গত বছরের আয়কর সীমা এবারো বহাল থাকলো। অর্থাৎ যাদের বার্ষিক আয় ৩ লাখ টাকার বেশি তাদেরকে কর দিতে হবে। আর বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হলে তাদের কর দিতে হবে না। আজ বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এদিন বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে বাজেট অধিবেশনে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
তিনি আজ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেট প্রস্তাব করেন। দেশের ইতিহাসে এটি ৫০তম এবং সর্ববৃহৎ বাজেট। অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের এটি তৃতীয় এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট এটি।
মুস্তফা কামাল বলেন, গত ২০২০-২১ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের করহার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এ কারণে আসছে ২০২১-২২ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতার জন্য বিদ্যমান করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। প্রসঙ্গত, করোনার মহামারির কারণে ২০২০-২১ অর্থবছরে করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করেন অর্থমন্ত্রী। এবারো সেই আয়সীমা বহাল থাকছে। এ ছাড়া নারী এবং ৬৫ বছর বয়স্ক মানুষের জন্য করমুক্ত আয়সীমা আগেরটাই অর্থাৎ ৩ লাখ ৫০ হাজার টাকা রাখা হয়েছে।