admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মে, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
শরীয়তপুরের জাজিরায় পদ্মায় ট্রলারডুবি: নিহত ১, নিখোঁজ ৪। পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চার জন এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে এ ঘটনা ঘটে। জানা যায়, নিষেধাজ্ঞা সত্ত্বেও এদিন বিকালে ১৬ জন যাত্রী নিয়ে জাজিরার পালেরচর থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় যাচ্ছিল ইঞ্জিনচালিত ট্রলারটি। পথে জাজিরা পৈলান মোল্যারকান্দি নামক স্থানে পদ্মা নদীতে ডুবে যায় সেটি।
এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই ট্রলারের যাত্রী ছিলেন। আব্দুর রহমান আকন (৭০) নামের এই মুক্তিযোদ্ধা বাড়ি জাজিরার ফকির মাহমুদ আকন কান্দি গ্রামে। নিখোঁজ চার জনের সন্ধানে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
নৌ পুলিশের মাঝিরঘাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মৃদুল চন্দ্র কপালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালনো হয়। পরে অন্ধকার নেমে আসে এবং কাজ করতে না পারায় অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, বৈরি আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল দুই দিন বন্ধ ছিল। কিন্তু প্রশাসনের দৃষ্টি এড়িয়ে মাছ শিকারের ট্রলারে চেপে যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছিলেন। এ ঘটনায় উদ্ধার হওয়া লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর নিখোঁজ চার জনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।