admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মে, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
মঙ্গলবার থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, ঝড়-বৃষ্টির আভাস। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। বঙ্গোপসাগর হয়ে আগামী ২৬ মে এটি উড়িষ্যা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানার কথা। ইতোমধ্যে এটি লঘুচাপে পরিণত হয়েছে, শিগগিরই পরিণত হবে নিম্নচাপে। তার প্রভাবে মঙ্গলবার (২৫ মে) শুরু হবে ঝড়-বৃষ্টি। আজ রোববার (২৩ মে) এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ২৫ মে থেকে দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি বলছে, সারাদেশেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব দেখা যাবে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে খুলনায়, সবচেয়ে কম হওয়ার কথা চট্টগ্রামে।
এর আগে গতকাল শনিবার (২২ মে) ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি জানান, এটা এখন লঘুচাপ অবস্থায় আছে। ২৩ থেকে ২৪ মের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। এরপর ঘূর্ণিঝড় হয়ে ভূমিতে আঘাত হানবে ২৬ মে। ওই সময় ঝড়ের গতিবেগ ১২০ থেকে ১৯০ কিলোমিটার হতে পারে। প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকেই এর মূল ডিরেকশন। তবে আক্রান্ত হতে পারে খুলনাও। আমরা ওয়েল প্রিপেয়ার্ড, লক্ষ্য- জিরো ডেথ।
তিনি আরও বলেন, এর আগে আমরা সুপার সাইক্লোন ফণী, বুলবুল, আম্পান মোকাবেলা করেছি। সবাইকে নিয়ে একযোগে কাজ করেছি। এবারো আমরা সবাই মিলে কাজ করব। শতভাগ মানুষকে উপকূলীয় এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে আনার মাধ্যমে এবার আমরা মৃতের সংখ্যা শূন্যের ঘরে নামিয়ে আনতে চাই।