admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
সাংবাদিক রোজিনা রিমান্ড নামঞ্জুর, কারাগারে। রোজিনা ইসলামকে ৫ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী বৃহস্পতিবার (২০ মে) তার জামিন আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করেন এবং রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২০ মে রোজিনা ইসলামের জামিন শুনানির দিন ধার্য করেন।
জানা যায়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এদিন শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার। পরে বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করেন।
এর আগে আজ মঙ্গলবার বেলা ১১টার পর রোজিনাকে সিএমএম আদালতে তোলা হয়। তার আগে সকাল ৮টার দিকে তাকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয় এবং শুনানির আগ পর্যন্ত তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এর আগে গতকাল সোমবার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান সাংবাদিক রোজিনা ইসলাম। সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ৫ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যায়।
অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অনুমতি ছাড়া ছবি তোলা ও তথ্য চুরির অভিযোগে মামলা করা হয়েছে। শাহবাগ থানা সূত্রে জানা যায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধারাগুলো হলো ৩৭৯, ৪১১ এবং অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট এর ৩/৫।