admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মে, ২০২১ ৯:১২ অপরাহ্ণ
ভারতীয় ভ্যারিয়েন্টের (ধরন) বিস্তার ঠেকাতে বাড়ছে সীমান্ত বন্ধের মেয়াদ। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের (ধরন) বিস্তার ঠেকাতে দেশটির সঙ্গে থাকা সীমান্ত বন্ধ করে দেয়া হয় গত ২৬ এপ্রিল থেকে। প্রথম দফায় ১৪ দিনের জন্য এ পদক্ষেপ নেয়া হয়, যা এখনো বহাল রয়েছে। তবে এর মধ্যেই সীমান্ত বন্ধের এই মেয়াদ আরো ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে আজ শনিবার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। ভারতের সঙ্গে থাকা স্থলসীমান্ত বন্ধ থাকায় উভয় দেশের লোকজনের যাতায়াত সীমিত পর্যায়ে রয়েছে। আটকে পড়া ব্যক্তিরা বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেও পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, ৮টি নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। আজ এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ৬টির মধ্যে ২টি ভারতীয় ভ্যারিয়েন্ট, ৪টি এর কাছাকাছি। আজই প্রথম দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায় আইইডিসিআর।
করোনার ভারতীয় ধরনের নাম ‘বি.১.১৬৭। এটিকে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে, এই ধরনটির কারণেই ভারতে সংক্রমণ ও মৃত্যুর হার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রসঙ্গত, বিশ্বের ১৭টি দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ২৮ এপ্রিল সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।