admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
বাংলাদেশকে টিকা কিনতে ঋণ ও অনুদান মিলে ৯৪ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। বাংলাদেশকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা কিনতে ঋণ ও অনুদান মিলে ৯৪ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৮৪ কোটি টাকা। টিকা কার্যক্রম জোরদার হলে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আজ বুধবার এ কথা জানানো হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে করোনার সংকট মোকাবেলায় ইতোমধ্যেই এডিবি ৬৫ কোটি ডলার ঋণ এবং ৭ দশমিক ২৩ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। দুই কর্মসূচির আওতায় আরো ৫০ কোটি ডলার দেবে এডিবি। এই ঋণ অনুমোদন প্রক্রিয়াধীন। এতে আরো বলা হয়, এ ছাড়া টিকা কর্মসূচির জন্য ৯৪ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। ২০২১ থেকে ২০২৩ অর্থবছরে নানা প্রকল্পে ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার ঋণ সহায়তাও দেবে এডিবি।
অন্যদিকে, প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে যে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ব্রিফিংয়ে বলেন, এই প্রবৃদ্ধি নির্ভর করবে করোনার দ্বিতীয় ঢেউয়ের উপর। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে জিডিপি কমও হতে পারে। সেক্ষেত্রে এটি ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৮ শতাংশও হতে পারে। কোভিড-১৯ এর ভ্যাকসিনের সংকটের প্রেক্ষাপট সামনে রেখে মনমোহন প্রকাশ বলেন, অনেক বাংলাদেশি কোম্পানির সক্ষমতা রয়েছে। তাই দেশেই ভ্যাকসিন উৎপাদনে জোর দেওয়া যেতে পারে।