admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
বাংলাদেশে আরও ৭দিন কঠোর লকডাউনের সুপারিশ জাতীয় কারিগরি পরমার্শক কমিটি। করোনার সংক্রমণ রুখতে দেশে গত ৫-১১ এপ্রিল বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর ১৪-২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয় কঠোর লকডাউন। এবার চলমান এই লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরমার্শক কমিটি। গতকাল রোববার (১৮ এপ্রিল) রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরমর্শক কমিটির ৩১তম সভা। সেখান থেকেই সরকারের কাছে এই সুপারিশ করা হয়। আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেয়া হয়েছে।
দেশে করোনার উচ্চ সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃত্যুতে উদ্বেগ জানিয়ে কমিটি বলেছে, শুরুতেই আমরা সরকারের কাছে দুই সপ্তাহের কঠোর লকডাউনের সুপারিশ করেছিলাম। কিন্তু সরকার ঘোষণা করেছে এক সপ্তাহের। পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে তাতে আরেক দফা লকডাউন ঘোষণা না করলে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি আরও জানায়, ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড (সংক্রমিত করার সময়) ১৪ দিন। এই সময় পর্যন্ত ভাইরাসটি যে কারো শরীরে ঘাপটি মেরে বসে থাকতে পারে এবং রোগ তৈরি করার ক্ষেত্রে সক্ষম থাকে। সুতরাং ৭ দিনের লকডাউন স্বাস্থ্যবিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ নয়।