admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২১ ৮:০১ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১ হাজার ১৫৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৫৪৫। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৫২৮টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২০৬টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১টি। উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ১৫৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যা বেড়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ৫৪৫ জনের মৃত্যু হলো। আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ১২ জন। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু বেড়েছে ৬ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৬ জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে দেশে ১ হাজার ৩৮৫ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। এ ছাড়া বিগত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।