admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
বাংলাদেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার। বিগত ২০২০ সালের অক্টোবর পর্যন্ত দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকার দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সর্বশেষ ২০২০ সালের অক্টোবর পর্যন্ত খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা জানিয়ে জাতীয় পার্টির সাংসদ শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৩২ দশমিক ৮৭ শতাংশ। আরেক সাংসদ মামুনুর রশীদ কিরণের করা অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহামারি কোভিড-১৯ এর ভ্যাকসিন কেনার জন্য সরকারের পক্ষ থেকে এখন অবধি ১ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
দেশ থেকে অবমূল্যায়ন বা অতিমূল্যায়নের মাধ্যমে অর্থ পাচারের কিছু অভিযোগ পাওয়া গেছে জানিয়ে সাংসদ এ কে এম রহমতুল্লাহর করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা অভিযোগগুলো তদন্ত করছে। সত্যতা পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ সময় অর্থ পাচার বন্ধে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, এসব পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রা বা অর্থ পাচার অনেকাংশে কমে যাবে বলে আশা করছি।