admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২০ ৭:৩১ পূর্বাহ্ণ
ডা. জাফরুল্লাহ বলেছেন আলেমদের এক অংশ সরকারের টাকায় নাচলে হিতে বিপরীত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে চলমান আন্দোলন প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেছেন, দেশের বিরাজমান নৈরাজ্য থেকে জনদৃষ্টি ভিন্নখাতে ফেরাতেই সরকার আলেম সমাজকে মাঠে নামিয়েছে। শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য খাতে নৈরাজ্য-দুর্নীতি বন্ধ ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে লেবার পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে দেশের অভ্যন্তরে চারদিকে নৈরাজ্য চলছে। সেটি থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্যই সরকার আলেমদের বিপদে চালিত করেছে। তাই আলেম সমাজকে অযথা এসব বির্তকে না জড়াতে অনুরোধ করবো। তাদের বলবো, দ্রব্যমূল্য বেড়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না, এসবের জন্য আন্দোলনে আসেন। সরকারের কিছু পয়সা পেয়ে নাইচেন না। তাদের কথায় নাচলে উল্টো আপনাদেরই বেশি ক্ষতি হবে।ঢাকায় বিনা অনুমতিতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, আজকে পুলিশের মাধ্যমে হঠাৎ নোটিশ দিয়েছে সরকার। অথচ পুলিশ সরকারের খাদেম নয়। তারা জনগণের খাদেম। তাদের প্রতি অনুরোধ থাকবে, সরকারের অন্যায় নির্দেশের কথা শুনবেন না।
আজকে ওষুধ থেকে শুরু করে প্রত্যেকটা দ্রব্যমূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে এই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, সরকার নীতি মেনে চলছে ১৫ দিনের মধ্যেই ওষুধের দাম কমপক্ষে অর্ধেকে নেমে আসবে।
সভায় আরো উপস্থিত ছিলেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির সহ-প্রান্তিক সম্পাদক অর্পনা রায়, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দীন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুখ রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, আবদুর রহমান খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহম্মদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেত্রী সেলিনা সুলতানা নিশিতা এবং আরিফা সুলতানা রুমা প্রমুখ।