ইব্রাহীম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজারহাট উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী। এ সময় উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মধ্যেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। তাই রাসূল (সা.)-এর জীবনাদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।