admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২০ ৯:৪৪ অপরাহ্ণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে দলে পাপিয়ার মতো কেউ যেন ঢুকতে না পারে। পাপিয়ার মতো অপকর্মকারীরা যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ রাখাতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি যুব মহিলা লীগের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।
জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বুকে ধারণ করে নিয়ে মাঠে ময়দানে জোরালো ভূমিকা পালন করে যুব মহিলা লীগ। এ সংগঠনের অনেক অর্জন রয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো অন্যায়-অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে তার পদক্ষেপ স্পষ্ট। তাই দলের নাম ভাঙিয়ে কেউ যাতে কোনো অপকর্ম করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি আরো বলেন, পাপিয়ার মতো কোনো অপকর্মকারী যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে দলের নেতা-কর্মী সবাইকে লক্ষ রাখতে হবে। মনে রাখতে হবে, দুই-একজনের অন্যায় অপকর্মের জন্য পুরো সংগঠনের নাম খারাপ হতে পারে। সংগঠনের অনেক অর্জন ম্নান হয়ে যেতে পারে। এটি হতে দেওয়া যাবে না।
এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনীতি আর স্বাস্থ্যখাতে শুধু দুর্যোগ দেখতে পান। আসলে তারা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন গভীর হতাশায় ভুগছেন। এমনকি দেশের জনগণের সঙ্গেও তাদের এখন আর কোনো সম্পর্ক নেই। করোনার এ সংকটেও তারা মানুষের পাশে না দাঁড়িয়ে স্বেচ্ছায় গৃহবন্দি জীবন-যাপন করছেন। আর গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রচার করে বেড়াচ্ছেন। এটাই তাদের এখন প্রধান কাজ। অন্ধের হাতি দেখার মতো চারদিকে দুর্যোগ দেখছে দলটি।