admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২০ ৭:৩৬ পূর্বাহ্ণ
সৌদি আরবের আকাশে সোমবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে পবিত্র ঈদুল আযহা পালিত হবে আগামী ৩১ জুলাই শুক্রবার। হজ শুরু হবে ৩০ জুলাই। ২০ জুলাই সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এ কথা জানিয়েছে। এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সীমিত আকারে হজ পালন করা হবে। প্রতি বছর যেখানে গড়ে ২৫ লাখ মানুষ সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতেন, এবার সেখানে শর্ত সাপেক্ষে ১০ হাজার মানুষ হজ পালনের অনুমতি পেয়েছেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকেও এ বছর বিভিন্ন সতর্কতা নেয়া হয়েছে। তাদের তত্ত্ববধানে আজ থেকে হাজিদের ৭ দিনের আইসোলেশন শুরু হয়েছে। হজে অংশগ্রহণকারী সবার জন্য এই আইসোলেশন বাধ্যতামূলক করা হয়েছে। হজ চলাকালীন মক্কা, মীনা ও আরাফাতে বিনা অনুমতিতে কারো প্রবেশের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেউ সেই চেষ্টা করলে তাকে জরিমানা স্বরূপ ১০ হাজার সৌদি রিয়াল গুণতে হবে।
এদিকে, রীতি অনুযায়ী সাধারণত সৌদি আরবের একদিন বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সেই হিসাবে আগামী ১ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। আজ ২১ জুলাই মঙ্গলবার চাঁদ দেখা বা না দেখার ওপরই সেটা নির্ভর করবে।