admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২০ ৫:৪৯ পূর্বাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ মাত্র সপ্তাহ খানেক আগেও ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে এখন ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে । হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তাই পরিমাণে কম কিনতে হচ্ছে তাদের। বৃষ্টি ও বিভিন্ন ফসলি জমিতে জলাবদ্ধতার কারণে অধিকাংশ মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। একই কারণে দাম বেড়েছে বেগুন, পটল, ঝিঙা, কাকরোল, পেঁপেসহ অন্যান্য সবজিরও। হঠাৎ করেই দিনাজপুরের সেতাবগঞ্জে কাঁচা মরিচ, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় শাক সবজীর দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সাধারন ক্রেতাদের নাভিস্বাস উঠেছে।
বর্তমানে বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ২ শত টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, কচু ৫০টাকা সহ অন্যান্য শাক সবজীর দাম বাড়ায় মধ্য আয়ের ক্রেতা সহ নিম্ন আয়ের ক্রেতাদের মাথায় বাজ পড়েছে। বিশেষ করে কাঁচা মরিচ ও পেঁয়াজের ঝাজে বাজার করতে গিয়ে রিতিমত হিমশিম খাচ্ছে ক্রেতারা। বাজারে এসব পন্যের দাম বৃদ্ধি পাওয়ার জন্য বিক্রেতারা টানা বৃষ্টিপাতকে দায়ী করছে। অবশ্য ক্রেতারা অভিযোগ করেন বৃষ্টির অজুহাত দেখিয়ে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী পন্য মজুদ রেখে চড়া দামে বাজারে বিক্রি করছে। এদিকে বিভিন্ন শাক সবজির পাশাপাশি গরুও মাংস ৪’ শ টাকা, খাসির মাংস ৫’শ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ।
নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত পন্যের দাম বাড়িয়ে অধিক মুনাফা হাতিয়ে নিচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।